কক্সবাজারে বেড়াতে আসা এক অস্ট্রেলীয় নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা ও দায়রা জজ) রোকেয়া আক্তার এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি দণ্ডিত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডিতরা হলেন-রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচার দ্বীপ এলাকার মো. আনছারুল্লাহ (২৯), আবদুল গফুর (২৬) ও বেলাল উদ্দিন (৩৬)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য আসামি কটেজ মালিক কাইয়ুমুল হক চৌধুরীকে খালাস দেওয়া হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ শামীম জানান, ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ১৪ ডিসেম্বর অস্ট্রেলীয় নাগরিক অ্যালিসা ব্রুক এলিয়ট কক্সবাজারের পেঁচার দ্বীপ সংলগ্ন একটি কটেজে ওঠেন। ১৬ ডিসেম্বর গভীর রাতে দণ্ডিতরা চুরির উদ্দেশ্যে কটেজে প্রবেশ করে। একপর্যায়ে তারা ওই নারীর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান। ভুক্তভোগীর চিৎকারে আসামিরা পালিয়ে গেলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
এ ঘটনায় তৎকালীন হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) স্বরূপ কান্তি দাশ বাদী হয়ে রামু থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
আপনার মতামত লিখুন