বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়ার অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় মোস্তাফিজার রহমান নামে এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে ধুনট থানা থেকে সরিয়ে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে উপজেলার জোড়শিমুল গ্রামের এক যুবক দুই দালালের মাধ্যমে সৌদি আরবে যান। সেখানে গিয়ে কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করছিলেন ওই যুবক। এ বিষয়ে প্রবাসীর মা দালালের কাছে প্রতিকার চাইতে গেলে তাকে মারধর করা হয়। গত ২১ জুন এই ঘটনায় প্রবাসীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগটির তদন্তের দায়িত্ব পান এসআই মোস্তাফিজার রহমান।
অভিযোগ রয়েছে, তদন্তের দায়িত্ব পাওয়ার পর ওই পুলিশ কর্মকর্তা প্রবাসীর স্ত্রীর ওপর কুদৃষ্টি দেন। বিচারের আশ্বাস দিয়ে তিনি ওই গৃহবধূকে মুঠোফোনে একাধিকবার উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেন। এর মধ্যে এসআই মোস্তাফিজার অভিযুক্ত দালালদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে মামলার কার্যক্রমে স্থবিরতা দেখান। নিরুপায় হয়ে ওই গৃহবধূ পুলিশ কর্মকর্তার কুপ্রস্তাবের কথাগুলো মুঠোফোনে রেকর্ড করেন।
সম্প্রতি সেই অডিও ক্লিপটি ফাঁস হয়ে ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এর পরপরই তার বিরুদ্ধে প্রাথমিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এসআই মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। বিভাগীয় তদন্ত শেষে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন