সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখলাম যেই গণভোটের পক্ষে, যেই জুলাই সনদের পক্ষে তিনি প্রচারণা করলেন, নির্বাচনের ফলাফলের পরে ৭০ পার্সেন্ট মানুষ গণভোটে সংস্কারের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। অন্যদিকে মুখে বলে যাচ্ছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো।’
তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গণঅভুত্থানের সময় আমাদের একটা স্লোগান ছিল—নাটক কম করো প্রিয়। তারেক রহমানকে বলে দিচ্ছি-তারেক রহমান নাটক কম করেন প্রিয়। বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমতা দিয়েছে মানে এই নয়-আপনি যা খুশি করবেন, যেরকম খুশি ছলনা প্রতারণা এদেশের জনগণের সাথে করবেন।’
কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বরিশালের পর ঢাকায় মহাসমাবেশ হবে এবং প্রতিটি জেলা-উপজেলায় কর্মসূচি চলমান থাকবে। এর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবেন তারা।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এখনো কোনো কঠোর কর্মসূচি দেই নাই। আমরা হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেই নাই। কিন্তু যেকোনো সময় সেই ধরনের কর্মসূচি দেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ সেই পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন।’
সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।
আপনার মতামত লিখুন