বকেয়া মজুরি পরিশোধ এবং ছাঁটাই করা পুরোনো শ্রমিকদের পুনর্বহালের দাবিতে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিকেরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কারখানার ব্যাগিং সেকশনের মূল ফটকের সামনে দুই শতাধিক শ্রমিক এই কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স জহিরুল ইসলাম’ শ্রমিকদের লাখ লাখ টাকা বকেয়া রেখেই কাজ ফেলে চলে যায়। সম্প্রতি নতুন করে আবারও একই প্রতিষ্ঠান কারখানার ব্যাগিং শাখার কাজ পেলেও কোনো ধরনের আগাম ঘোষণা ছাড়াই কয়েক দশক ধরে কাজ করা পুরোনো শ্রমিকদের বাদ দিয়েছে।
বিক্ষোভ সমাবেশে শ্রমিকেরা জানান, বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানটি স্থানীয় অভিজ্ঞ শ্রমিকদের পরিবর্তে আশুগঞ্জ সারকারখানা থেকে নতুন শ্রমিক এনে কাজ করাচ্ছে। আগে যেখানে একজন শ্রমিক দিনে ৫০০ টাকা মজুরি পেতেন, এখন সেখানে নতুন শ্রমিকদের মাত্র ৩০০ টাকা দিয়ে কাজ করানো হচ্ছে। কোনো নোটিশ ছাড়া হঠাৎ করে ৪০-৫০ বছরের অভিজ্ঞ শ্রমিকদের ছাঁটাই করায় তাঁরা এখন মানবেতর জীবন যাপন করছেন।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে-পুরোনো অভিজ্ঞ শ্রমিকদের স্বপদে বহাল করা, বিগত দিনের বকেয়া মজুরি দ্রুত পরিশোধ করা এবং এই অনিয়মের সুষ্ঠু তদন্ত করা। দাবি আদায় না হলে আগামীতে কারখানা অচল করে দেওয়ার মতো আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শ্রমিক ও স্থানীয় সচেতন মহল।
আপনার মতামত লিখুন