গাজীপুরের কোনাবাড়ীতে একটি বিয়ের বাড়িতে উৎসবের সময় অ্যালকোহল ভেবে বিষাক্ত মিথানল পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন-ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জুনিয়ার বাজার এলাকার সজিব (২২) এবং একই জেলার রনি মিয়া (২০)। সজিব কোনাবাড়ীর বাইমাইল এলাকায় থেকে কাঁচামালের ব্যবসা করতেন। রনি মিয়া আশুলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকায় এক ভাড়াটিয়ার বিয়ের অনুষ্ঠানে সাগর নামে এক যুবক তাদের অ্যালকোহল বলে বিষাক্ত মিথানল পান করান। পরের দিন থেকে তারা অসুস্থবোধ করতে থাকেন। অবস্থার অবনতি হলে তাদের প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোর চারটার দিকে সজিব এবং বিকেলে সাড়ে চারটার দিকে রনির মৃত্যু হয়।
নিহত রনির নানী রেজিয়া খাতুন বিলাপ করে বলেন, ‘আমি ভিক্ষা করে নাতিকে পড়াশোনা করাচ্ছিলাম। সে কোনো নেশা করত না। যড়যন্ত্র করে তাকে বিষ খাওয়ানো হয়েছে। আমি এর বিচার চাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মিথানল বিষক্রিয়ায় (Methanol Poisoning) তাদের মৃত্যু হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, ঢাকা থেকে সজিবের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। পরে রনি নামে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত সাগর পলাতক রয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন