মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি নির্মাণাধীন সাইটে (কনস্ট্রাকশন সাইট) সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ এবং লুণ্ঠিত বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১১ জুলাই গভীর রাতে গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় ‘দি জিয়া অ্যান্ড ব্রাদার্স’ কনস্ট্রাকশন সাইটে সশস্ত্র ডাকাত দল হানা দেয়। তারা নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে একটি কনটেইনারে আটকে রাখে। এরপর সেখান থেকে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা মূল্যের বিভিন্ন নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায়।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে গজারিয়া থানা-পুলিশ। তদন্তে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক শনাক্ত ও জব্দ করা হয়। পরে ধারাবাহিক অভিযানে ট্রাকের মালিক, চালক, শ্রমিক ও স্থানীয় সহযোগীসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, দুটি আলাদা গ্রুপ সমন্বিতভাবে ও পরিকল্পিত উপায়ে এই ডাকাতি করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ থেকে ২৪ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে দুটি ট্রাক, ব্যাটারি, ফ্যান, মোটর, ওয়েল্ডিং মেশিন, ডিজেল ইঞ্জিন, হাইড্রোলিক যন্ত্রপাতি, এসি মেশিন এবং প্রায় সাড়ে পাঁচ টন ওজনের লোহার বিভিন্ন সরঞ্জাম।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, পলাতক বাকি আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন