রাজবাড়ীতে এক নারী সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে বেসরকারি সংস্থা ‘আম্বালা ফাউন্ডেশন’-এর দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গত ৬ জুলাই রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন ওই এনজিওর এক নারী ক্রেডিট অফিসার।
মামলার আসামিরা হলেন-আম্বালা ফাউন্ডেশনের হিসাবরক্ষক সাহাবুদ্দিন হোসেন (৩৬) ও শাখা ব্যবস্থাপক মো. আরজু হোসেন (৪০)।
আদালত মামলাটি আমলে নিয়ে ঘটনার সত্যতা যাচাই ও তদন্তের জন্য রাজবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বাদী অভিযোগ করেন, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় আম্বালা ফাউন্ডেশনের কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় আসামিরা তাকে প্রায়ই অশালীন কথাবার্তা ও কু-প্রস্তাব দিতেন। গত ২৪ জুন রাত ১০টার দিকে কাজ শেষে অফিসে ফেরার পর তার ওপর যৌন নিপীড়ন চালানো হয়।
ভুক্তভোগী ওই নারী বলেন, ‘চাকরি হারানোর ভয়ে আমি অনেক দিন সহ্য করেছি। কিন্তু ওই রাতে তারা আমার শ্লীলতাহানি ঘটান। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
আম্বালা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক ও মামলার আসামি মো. আরজু হোসেন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই কর্মীকে প্রধান কার্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়েছে। সেই ক্ষোভ থেকেই তিনি ‘মিথ্যা’ মামলা দিয়েছেন।
তবে বিষয়টি এখন আইনগত প্রক্রিয়ায় রয়েছে এবং আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন