হবিগঞ্জ ও মৌলভীবাজারে বাধার মুখে পড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি আজ সিলেটে শুরু হচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেটের পাঁচটি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে জেলা প্রশাসন।
এনসিপি জানিয়েছে, আজ বৃহস্পতিবার তারা সিলেটের দুই উপজেলায় এবং আগামীকাল শুক্রবার আরও তিন উপজেলায় পদযাত্রা ও সমাবেশ করবে। গত মঙ্গলবার হবিগঞ্জে ছাত্রদলের হামলার শিকার হওয়া এবং গতকাল বুধবার মৌলভীবাজারে পুলিশের বাধার মুখে পড়ার প্রেক্ষাপটে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, আজ সকালে এনসিপি নেতারা প্রথমে সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বিকেলে কানাইঘাট এবং সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় সমাবেশ করার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পদযাত্রা ও সমাবেশ করবেন তারা। এসব কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও আতিক মুজাহিদের মতো কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এনসিপির সিলেট জেলা সদস্যসচিব প্রকৌশলী কামরুল আরিফ বলেন, ‘হবিগঞ্জ ও মৌলভীবাজারের ঘটনার পর সিলেটে আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের এই পদযাত্রা চলবে।’
এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা চালায় ছাত্রদল। এর প্রতিবাদে বুধবার বিকেলে হবিগঞ্জ টাউন হলে সমাবেশের ডাক দিয়েছিল দলটি। সেই সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাহিদ ইসলাম ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতাদের আটকে দেয় পুলিশ। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আজ সিলেটে কর্মসূচি পালন করতে যাচ্ছে এনসিপি।
সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তি বজায় রাখতেই উপজেলাগুলোতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা মাঠে সতর্ক অবস্থানে থাকবেন।
আপনার মতামত লিখুন