নওগাঁর রাণীনগরে রেলওয়ের লিজ নেওয়া দোকানঘরের খাজনা অস্বাভাবিক হারে বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ‘রাণীনগর রেল দোকান মালিক সমিতি’র ব্যানারে রেলস্টেশনের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বিগ বাজার মার্কেটের স্বত্বাধিকারী মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুকুল মিনা, খালেকুজ্জামান রায়হান, আবু নাসের টনি ও ঝন্টু। বক্তারা দ্রুত বর্ধিত খাজনা পুনর্বিবেচনা করে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, রেল কর্তৃপক্ষ কোনো আলোচনা ছাড়াই লিজ নেওয়া দোকানগুলোর খাজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আগে প্রতি বর্গফুটের রেট ছিল ১২ টাকা, যা পরে ১৫ টাকা করা হয়। কিন্তু বর্তমানে তা এক লাফে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক মন্দা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এই সিদ্ধান্ত সাধারণ ব্যবসায়ীদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা নিয়মিত খাজনা পরিশোধ করে সরকারি কোষাগারে রাজস্ব দিয়ে আসছি। কিন্তু বর্তমানের এই অস্বাভাবিক বর্ধিত হার আমাদের মতো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বহন করা অসম্ভব ও কষ্টসাধ্য। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে খাজনা সহনীয় পর্যায়ে নির্ধারণ করতে হবে।’
দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন দোকান মালিকেরা।
আপনার মতামত লিখুন