মুন্সীগঞ্জের লৌহজংয়ে ‘ইলিশ পরিবহন’-এর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মো. কালু (২২) নামে এক বাস হেল্পার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসের চালককে গ্রেপ্তার করেছে।
রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বেজগাঁও ইউনিয়নের মালিঅংক বাজার এলাকায় প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর বশিপাড়ী গ্রামের মৃত অহেদ সরদারের ছেলে। তিনি লৌহজংয়ের গাঁওদিয়া এলাকায় ভাড়া থাকতেন এবং ইলিশ পরিবহনের একটি বাসের হেল্পার হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে একই কোম্পানির দুটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কালু গুরুতর আহত হলে তাকে দ্রুত লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা দুর্ঘটনাকবলিত বাসে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাস দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসচালক লিটন শেখকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার বাসিন্দা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন