মানিকগঞ্জের সাটুরিয়ায় তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে একটি বিদ্যুতের সাব-স্টেশন ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হরগজ ইউনিয়নে অবস্থিত পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এলাকায় চরম লোডশেডিং চলছে। প্রচণ্ড গরমে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন হরগজ ইউনিয়নের সাধারণ গ্রাহকেরা। আজ সন্ধ্যায় শত শত মানুষ একজোট হয়ে হরগজ সাব-স্টেশনটি ঘেরাও করেন। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করলে এলাকায় উত্তজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত থাকার আহ্বান জানান।
এ বিষয়ে ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা সাব-স্টেশনে অবস্থান নিয়েছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে লোকজনকে বুঝিয়ে শান্ত করি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাব-স্টেশন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’
পল্লী বিদ্যুতের সাটুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ওয়ালিউর রহমান বলেন, ‘পিক টাইমে আমাদের বিদ্যুতের চাহিদা ১৪ মেগাওয়াট। কিন্তু জাতীয় গ্রিড থেকে আমরা গড়ে পাচ্ছি মাত্র ৫ থেকে ৬ মেগাওয়াট। চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও কম হওয়ায় নিরবচ্ছিন্ন লোডশেডিং দিতে আমরা বাধ্য হচ্ছি।’
আপনার মতামত লিখুন