কুমিল্লার চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান হাইকোর্টের দেওয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগার সূত্র জানায়, গত রোববার মামলার শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. জাকির আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের সমন্বয়ে গঠিত বেঞ্চ হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেন। জামিনের আদেশের কপি আজ বিকেলে কুমিল্লা কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। দীর্ঘ আট বছর পর এ বছর গত ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবন থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোমিনুল হক।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই ডিএনএ প্রতিবেদন ইতিমধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে।
জ্যেষ্ঠ জেল সুপার মো. শাহ আলম খান বলেন, ‘হাইকোর্টের জামিনের আদেশ পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে মুক্তি দেওয়া হয়েছে।’
আপনার মতামত লিখুন