নওগাঁর পত্নীতলা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯৫ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রত্নতত্ত্ববিদদের মতে, এটি একাদশ বা দ্বাদশ শতাব্দীর একটি উচ্চমানের প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
মঙ্গলবার (৪ আগস্ট) পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার রাত আটটার দিকে সীমান্তের মরাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, খঞ্জনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার একটি বাগানে চোরাকারবারিরা মূর্তি কেনাবেচার উদ্দেশ্যে জড়ো হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হাচানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মূর্তিটি ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ কেজি ৭৫০ গ্রাম ওজনের মূর্তিটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মূর্তিটি স্থানীয় জুয়েলারি সমিতির কারিগর দিয়ে পরীক্ষা করানোর পর এটি প্রকৃত কষ্টি পাথর বলে নিশ্চিত হওয়া গেছে। পরে পাহাড়পুর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধিরা এটি পরিদর্শন করে জানান, এটি একাদশ বা দ্বাদশ শতকের একটি অমূল্য প্রত্নতাত্ত্বিক সম্পদ।
পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত রোধ, চোরাচালান বন্ধ এবং আন্তঃসীমান্তীয় অপরাধ দমনে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন