কক্সবাজারের টেকনাফে ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালীর রুবেল এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আরমান।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কেরুনতলী এলাকায় দ্রুতগতির একটি ডাম্পারের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবছার উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতালে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে ডাম্পার চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন