গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সাত বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে ধোপডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
নির্যাতিত শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান, শিশুটির বাবা উজ্জ্বল মিয়া ও মা হ্যাপি খাতুন।
বক্তারা অভিযোগ করেন, ২১ জুলাই দক্ষিণ রাজীবপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে আব্দুর রাজ্জাক পাউরুটি দেওয়ার কথা বলে শিশুটিকে তার বেকারি কারখানার ভেতর নিয়ে পাশবিক নির্যাতন করেন। শিশুটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত প্রধান অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শিশুটির বাবা উজ্জ্বল মিয়া বলেন, ‘মামলা করার পর থেকে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আমাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি আমাদের বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে।’
বক্তারা আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তির পক্ষে কাজ করছেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আমিনুল ইসলাম। তার প্রভাবে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে এবং পরিবারটিকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে।
মা হ্যাপি খাতুন কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার সন্তানের সঙ্গে যা ঘটেছে, তার সুষ্ঠু বিচার চাই। প্রশাসন কেন এখনো আসামিদের ধরছে না?’
স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান বলেন, একটি শিশুর সঙ্গে এমন অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
আপনার মতামত লিখুন