‘সমরে ও শান্তিতে রাখিব সুস্থ’ প্রতিপাদ্য সামনে রেখে বান্দরবানের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় গর্ভবতী নারী, প্রসূতি মা ও নবজাতকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের পরিচালনায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের সভাকক্ষে আয়োজিত এই কর্মসূচিতে প্রশিক্ষণার্থীদের গর্ভাবস্থার ঝুঁকি ও বিপদচিহ্ন শনাক্তকরণ, প্রসবকালীন প্রাথমিক সহায়তা, নবজাতকের পরিচর্যা, বুকের দুধ খাওয়ানো, টিকাদান, সিপিআর (প্রাথমিক কৃত্রিম শ্বাস-প্রশ্বাস পদ্ধতি), ক্যানুলা প্রয়োগ ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরফরাজ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার ভৌগোলিক বাস্তবতায় অনেক সময় জরুরি স্বাস্থ্যসেবা দ্রুত পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত জনবল তৈরি হলে প্রত্যন্ত এলাকার মা ও শিশুদের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে রোগীকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রেফার করার বিষয়ে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন