নওগাঁর বদলগাছী উপজেলায় সড়ক প্রশস্তকরণ ও চৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণের দাবিতে দুই ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বদলগাছী চৌরাস্তার মোড়ে স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন।
অবরোধ চলাকালে ‘রাস্তার কাজ বন্ধ কেন, জবাব চাই’, ‘রাস্তার কাজ চালু করো’, ‘জনদুর্ভোগ লাঘব করো’ - এমন নানা স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে রাস্তার দুই পাশে যানবাহন আটকে পড়ে সাময়িক যানজটের সৃষ্টি হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, তরিকুল ইসলাম হালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মুমিনুল হক মুন্না, আবু জর গিফারি, আসাদুজ্জামান ও টুটুল।
বক্তারা বলেন, বদলগাছীর এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সরু ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সড়ক প্রশস্তকরণ ও গোলচত্বর নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কাজের অগ্রগতি না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তারা অভিযোগ করেন, একটি পক্ষ উন্নয়ন কাজ বন্ধ করতে উচ্চ আদালতে রিট করেছে বলে শোনা যাচ্ছে। জনস্বার্থ রক্ষায় সব বাধা দূর করে দ্রুত কাজ শুরুর দাবি জানান তারা।
অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ প্রসঙ্গে বক্তারা বলেন, সরকার নির্ধারিত নিয়মেই জমির মালিকদের ক্ষতিপূরণ দিচ্ছে। কারও আপত্তি থাকলে তা আইনগত প্রক্রিয়ায় সমাধান করা সম্ভব, কিন্তু সে জন্য উন্নয়ন কাজ বন্ধ রাখা ঠিক হবে না। প্রয়োজনে স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের মাধ্যমে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন তাঁরা।
দুপুর ১২টায় প্রশাসনের আশ্বাস ও কর্মসূচি শেষে বদলগাছী চৌরাস্তা এলাকায় যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
আপনার মতামত লিখুন