গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মো. শাকিল মিয়া (২৫) ও মো. সোহেল রানা (৩৫)।
পুলিশ জানায়, বুধবার (১২ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল (তৈলীপাড়া) গ্রামে অভিযান চালানো হয়। সেখানে স্থানীয় লোকজনের সহযোগিতায় শাকিল ও সোহেলকে দুটি মোটরসাইকেলসহ আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের আরও দু’জন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, মোটরসাইকেল দু’টি তারা চুরি করে এনেছিলেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের আরও দু’জন সদস্যকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন গাইবান্ধা সদর উপজেলার মো. কালাম মিয়া (৪৮) ও সুন্দরগঞ্জ উপজেলার মো. রুবেল মিয়া (৩৫)।
জব্দ করা মোটরসাইকেল দুটির মধ্যে একটি হোন্ডা হর্নেট ১৬০আর এবং অন্যটি টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০ মডেলের। উদ্ধার হওয়া বাইক দুটির আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১০ হাজার টাকা।
সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ‘এ ঘটনায় পলাতক দু’জনসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দু’জনকে ১৩ আগস্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
আপনার মতামত লিখুন