‘তুফান’-এর সাফল্যের পর নির্মাতা রায়হান রাফি নিয়ে আসছেন তার নতুন সিনেমা ‘আন্ধার’। সিনেমাটির মুক্তি ঘিরে দর্শকদের আগ্রহ যখন তুঙ্গে, ঠিক তখনই একে একে উন্মোচন করা হলো এর প্রধান চরিত্রদের নাম ও বৈশিষ্ট্য। সিয়াম আহমেদ থেকে চঞ্চল চৌধুরী - কে কোন চরিত্রে অভিনয় করছেন এবং তাদের লুক কেমন হবে, তা সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত জানিয়েছেন নির্মাতা রাফি।
সিয়াম আহমেদ (ডিটেকটিভ দেলোয়ার):
সিনেমার নামভূমিকায় বা প্রধান নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ। তাকে দেখা যাবে ‘ডিটেকটিভ দেলোয়ার’ চরিত্রে। রাফির মতে, সিয়ামের এই চরিত্রটি অনেকটা শার্লক হোমস বা ব্যাটম্যানের মতো, যে ব্যক্তিগত স্বার্থ ছাড়াই বিপদে মানুষের পাশে দাঁড়ায়। রাফি বলেন, ‘শুটিং শেষ করার পর মনে হয়েছে, দেলোয়ার মানেই সিয়াম।’
চঞ্চল চৌধুরী (শমসের):
সিনেমাটিতে ‘শমসের’ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। চঞ্চলের অভিনয় প্রসঙ্গে রাফি বলেন, ‘বাংলাদেশের কোনো ছবিতে চঞ্চল ভাইয়ের পুরো ট্যালেন্ট ফুটে ওঠেনি বলে আমার মনে হয়েছে। আন্ধার-এ আমি সেই ম্যাজিক দেখানোর চেষ্টা করেছি। শমসের চরিত্রে চঞ্চল ভাই যা করেছেন, তা অন্য কারও পক্ষে সম্ভব ছিল না।’
নাজিফা তুষি (নাদিয়া):
‘নাদিয়া’ চরিত্রে দেখা যাবে নাজিফা তুষিকে। নির্মাতা দাবি করেছেন, নাজিফা তুষির এযাবৎকালের সবচেয়ে মোহময় ও আকর্ষণীয় উপস্থিতি দেখা যাবে এই সিনেমায়।
আফসানা মিমি ও গাজী রাকায়েত:
অভিজ্ঞ অভিনেত্রী আফসানা মিমি অভিনয় করছেন ‘হাজেরা খাতুন’ চরিত্রে। তার উপস্থিতি পর্দায় আলাদা মায়া নিয়ে আসবে বলে মনে করেন নির্মাতা। অন্যদিকে, ‘জালাল’ চরিত্রে থাকছেন গুণী অভিনেতা গাজী রাকায়েত। তুফান-এর পর এই সিনেমায় তাকে একেবারেই ভিন্ন রূপে দেখা যাবে।
নতুন মুখ ফররুখ আহমেদ রেহান:
সিনেমাটিতে ‘হিমেল’ চরিত্রের জন্য একজন নতুন মুখ খুঁজছিলেন রাফি। সেই জায়গা দখল করেছেন ফ্যাশন মডেল ও অভিনেতা ফররুখ আহমেদ রেহান। রাফি মনে করেন, এই সিনেমার পর দর্শকরা তাঁকে অভিনেতা হিসেবেই চিনবেন।
পরিচালক রায়হান রাফি আশাবাদী যে, আন্ধার বাংলা চলচ্চিত্র জগতে আগের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বে।
আপনার মতামত লিখুন