নওগাঁর মহাদেবপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে ইটের দেয়াল তুলে ও গাছ লাগিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলা সদরের মেইন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী জয়ন্ত কুমার দাস অভিযোগ করেন, উপজেলার কাচারিপাড়ার মৃত নির্মল্য ভূষণ দাসের তিন ছেলে - জয়ন্ত কুমার দাস, বিশ্বনাথ দাস ও বিপ্লব কুমার দাস পৈতৃক সূত্রে পাওয়া ১০ শতাংশ জমির বৈধ উত্তরাধিকারী। কিন্তু তার ভাই বিশ্বনাথ দাস ও ভাতিজা দেবাশীষ দাস দীর্ঘদিন ধরে ওই জমির পেছনের অংশ দখলের পাঁয়তারা করছেন। গত ৭ আগস্ট দেশীয় অস্ত্র নিয়ে তারা জমিটি দখলের চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় জয়ন্ত কুমার দাস নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা করেন।
আদালত বিষয়টি তদন্তের জন্য মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, গত ১২ আগস্ট থানার এসআই আছির উদ্দিন উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন। অভিযোগ উঠেছে, এই নোটিশ পাওয়ার পরও শনিবার (১৫ আগস্ট) রাতে বিবাদী পক্ষ বিরোধপূর্ণ জমিতে গাছ লাগিয়ে ও দেয়াল তুলে দখল নেওয়ার চেষ্টা চালায়।
বিবাদী দেবাশীষ দাস দাবি করেন, তাদের আরেক ভাই প্রশান্ত কুমার দাস ১৯৯৬ সালে তার অংশের জমি তার (দেবাশীষ) নামে লিখে দিয়েছেন। সেই দলিলমূলে তিনি জমির মালিকানা দাবি করছেন। তবে জয়ন্ত কুমার দাস জানান, প্রশান্ত ১৯৭৪ সাল থেকে ভারতে স্থায়ীভাবে বসবাস করছেন এবং তিনি একজন ভারতীয় নাগরিক। ১৯৯৬ সালে তার স্বাক্ষর জাল করে একটি ভুয়া আমমোক্তারনামা তৈরি করা হয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর থানার এসআই আছির উদ্দিন জানান, আদালত থেকে নোটিশ পাওয়ার পর উভয় পক্ষকে আইন মেনে চলতে বলা হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন