মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে আধুনিক ‘টেলি-অফথ্যালমোলোজি’ সেবা চালু করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে জেলার বিভিন্ন প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্রের রোগীরা সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। একই সঙ্গে রাজনগর উপজেলার একটি দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের ১১ সদস্যের মধ্যে আরও তিনজনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এ নিয়ে ওই পরিবারের মোট ছয়জন দৃষ্টি ফিরে পেলেন।
রোববার (১৬ আগস্ট) মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে টেলি-অফথ্যালমোলোজি সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও হাসপাতালের সভাপতি তৌহিদুজ্জামান পাভেল। এ সময় হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জেলার সাতটি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্র - নবীগঞ্জ, কুলাউড়া, শায়েস্তাগঞ্জ, বানিয়াচং, দিরাই, বড়লেখা ও গোলাপগঞ্জ - এই আধুনিক নেটওয়ার্কের আওতায় আসবে। ফলে প্রত্যন্ত অঞ্চলের রোগীদের তথ্য ও পরামর্শ আদান-প্রদান আরও দ্রুত ও সহজ হবে।
এদিকে প্রযুক্তির এই অগ্রগতির দিনে রাজনগর উপজেলার ইসলামপুর গ্রামের একটি অসহায় পরিবারের জন্যও সুসংবাদ এসেছে। ওই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যের মধ্যে গত ২০ জুলাই তিনজনের অস্ত্রোপচার করা হয়েছিল। গত ১৬ আগস্ট আরও তিনজনের চোখের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল শিকদার এই কার্যক্রমে উপস্থিত ছিলেন।
পরিবারটির এই করুণ অবস্থার খবর গত বন্যার সময় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে প্রশাসনের নজরে আসে। এরপর জেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, ১১ সদস্যের মধ্যে বাকি পাঁচজনেরও সম্মতি পাওয়া গেলে পর্যায়ক্রমে তাদের অস্ত্রোপচার করা হবে।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, প্রযুক্তির ব্যবহারের ফলে জেলার প্রান্তিক মানুষের চক্ষুসেবা নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি অসহায় একটি পরিবারের দৃষ্টি ফেরানোর এই উদ্যোগ মানবিক প্রশাসনের একটি বড় দৃষ্টান্ত।
আপনার মতামত লিখুন