যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে পিরোজপুরের ছারছীনা, বান্দরবান ও সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানে বর্ণাঢ্য জশনে জুলুস, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ছারছীনায় ১২ দিনের কর্মসূচি ও র্যালি
পিরোজপুরের নেছারাবাদে ছারছীনা দরবার শরীফের উদ্যোগে ১২ দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে বুধবার (২৬ আগস্ট) বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় শাখার ব্যবস্থাপনায় এই কর্মসূচিতে আলোচনা সভা, প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রকাশ করা হয়। সকালে ছারছীনা দরবার শরীফ থেকে বের হওয়া মিছিলে কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা রূহুল আমীন আফসারী, উপাধ্যক্ষ মাওলানা মুহা. রুহুল আমিন ছালেহী, প্রধান মুহাদ্দিস মাওলানা মুহা. সিরাজুম মুনির তাওহীদ এবং জামেয়া-এ নেছারিয়ার মুদীর মাওলানা মুহা. মাহমুদুল মুনীর হামিম। আরও উপস্থিত ছিলেন ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় নেতা মাওলানা মুহা. আব্দুল্লাহ আল আনাস ও মুহা. মোহেব্বুল্লাহ ছালেহী।
বান্দরবানে জশনে জুলুস
বান্দরবানে গাউছিয়া কমিটি বাংলাদেশ জেলা শাখার আয়োজনে বুধবার সকালে একটি জশনে জুলুস বের করা হয়। মিছিলটি শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক ওসমান গণি। গাউছিয়া কমিটির জেলা সভাপতি আছহাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক তমিজ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
সাতক্ষীরায় গ্রামবাসীর উদ্যোগ
সাতক্ষীরার রইচপুরে গ্রামবাসীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজ্জাকের মোড়ে এক সভায় মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন আশেকে রাসূল মাহবুব আলম, ইমাম মো. আজগর আলী ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলম। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুল্লাহ।
দেশের সব স্থানেই মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের ওপর গুরুত্বারোপ করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
আপনার মতামত লিখুন