দেশের ঘরোয়া ক্রিকেটকে নতুন আঙ্গিকে সাজাতে এবং ক্রিকেটের সার্বিক উন্নয়নে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের আরও সক্রিয় অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতা প্রত্যাশা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনকালে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।
বিসিবি সভাপতি হিসেবে তামিম ইকবালের নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ওয়ালটন অফিস পরিদর্শনে যান। প্রতিনিধিদলে ছিলেন বিসিবির সহসভাপতি ফাহিম সিনহা, প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন চৌধুরী, মার্কেটিং ও কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদ উজ্জামান এবং ভাইস চেয়ারম্যান আসিফ রাব্বানি।
পরিদর্শনকালে অতিথিরা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
তামিম ইকবাল বলেন, ‘ওয়ালটন একটি ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে সব সময় ক্রিকেটের পাশে ছিল। আমরা জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর সব সংস্করণকে বিপিএলের আদলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক করার উদ্যোগ নিয়েছি। আমাদের প্রত্যাশা, ওয়ালটন সেখানেও বড় পরিসরে যুক্ত থেকে ক্রিকেটের উন্নয়নে অবদান রাখবে।’
ওয়ালটন হাই-টেকের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বিসিবি সভাপতিকে আশ্বস্ত করে বলেন, ওয়ালটন শুরু থেকেই ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটে ওয়ালটনের এই পৃষ্ঠপোষকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বিসিবির নতুন পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, ক্রিকেটের উন্নয়নে বিসিবি সভাপতির যেকোনো গঠনমূলক পদক্ষেপে ওয়ালটন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
উল্লেখ্য, ওয়ালটন দীর্ঘ ১৩ বছর ধরে এনসিএল এবং ৯ বছর বিসিএল-এর ফ্র্যাঞ্চাইজি হিসেবে সেন্ট্রাল জোনের সঙ্গে যুক্ত ছিল।
আপনার মতামত লিখুন