বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড অবনমনের সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে অর্ধদিবস কর্মবিরতি ও মানববন্ধন পালিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিএডিসির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন।
আন্দোলনরতদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের গত ৩১ আগস্ট জারি করা এক পরিপত্রে বিএডিসির ৯১টি ক্যাটাগরির ৪ হাজার ৬৯৯টি পদের বেতন গ্রেড এক ধাপ করে কমিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে নতুন ও কঠিন শর্ত আরোপ করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, নতুন এই আদেশে বিএডিসির মহাব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলী পদ ২য় গ্রেড থেকে ৩য় গ্রেডে, অতিরিক্ত পরিচালক পদ ৩য় থেকে ৪র্থ গ্রেডে, উপপ্রধান প্রকৌশলী ৪র্থ থেকে ৫ম গ্রেডে এবং নির্বাহী প্রকৌশলী পদ ৫ম থেকে ৬ষ্ঠ গ্রেডে নামিয়ে আনা হয়েছে। এমনকি জন্মলগ্ন থেকে ৪র্থ গ্রেডে থাকা ‘প্রধান চিকিৎসক’ পদটিও ৬ষ্ঠ গ্রেডে অবনমন করা হয়েছে।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, এই পরিপত্র জারির মাধ্যমে তাদের নিজস্ব কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ সংকুচিত করে উচ্চপদগুলোতে প্রেষণে কর্মকর্তাদের নিয়োগের পথ প্রশস্ত করা হয়েছে। এটি জাতীয় বেতন স্কেল-২০১৫ এবং বিএডিসি আইন-২০১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।
বিএডিসি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি প্রতি মৌসুমে গড়ে দেড় লাখ মেট্রিক টন বীজ এবং বছরে প্রায় ২৫ লাখ মেট্রিক টন সার সরবরাহ করে। কৃষি খাতের এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এভাবে ‘ডিমোশন’ দেওয়ায় মাঠ পর্যায়ে কাজের গতি হারানোর আশঙ্কা করা হচ্ছে।
বিক্ষোভকারীরা অবিলম্বে অর্থ মন্ত্রণালয়ের এই পরিপত্র বাতিল এবং নিয়োগ-পদোন্নতির শর্তগুলো আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার দাবি জানান। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ বা পূর্ণ কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা। সমস্যা সমাধানে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন