চট্টগ্রাম নগরের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ সায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সায়েদুর রহমানের সহকর্মীরা জানান, বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনি কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে একটি সভায় ছিলেন। তখন তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান।
পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। যাওয়ার সময় সায়েদুর রহমান স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে তার স্ত্রী বাসায় ফিরে সায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সায়েদুর রহমানের তিন মেয়ে রয়েছে। তার বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে চিকিৎসাশাস্ত্রে (এমবিবিএস) পড়াশোনা করছেন; তারা দুজনই ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক এবং চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
আপনার মতামত লিখুন