ইতালিতে আয়োজিত ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল নির্মাতা রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের অত্যন্ত সম্মানজনক ‘অরিজোন্তি’ (Orizzonti) বিভাগে নির্বাচিত হয়ে ভেনিসের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
নতুন চলচ্চিত্রভাষা এবং নির্মাণের উদ্ভাবনী পদ্ধতিকে গুরুত্ব দেওয়া এই বিভাগে এবার বিশ্বজুড়ে মোট ১৯টি সিনেমা স্থান পেয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ অনুষ্ঠিত হয়।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প আবর্তিত হয়েছে ঢাকার একটি ঐতিহ্যবাহী বিউটি পারলারকে কেন্দ্র করে। বিয়ে উপলক্ষে পরিবারের চাপে হবু কনের ওপর চাপিয়ে দেওয়া কৃত্রিম সাজসজ্জা ও পরিবর্তনের একপর্যায়ে তার মনে জন্ম নেয় তীব্র প্রতিরোধ। নির্মাতা রুবাইয়াত হোসেন বলেন, ‘এই সিনেমার মাধ্যমে আমরা তথাকথিত সৌন্দর্যের সংজ্ঞাকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছি। পারলারের মাধ্যমে সমাজ যেভাবে একটি মেয়েকে কৃত্রিম ছাঁচে নারী হিসেবে প্রস্তুত করে, তার পেছনের যন্ত্রণাই এখানে ফুটে উঠেছে।’
সিনেমাটির নামভূমিকায় অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। এ ছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, দেমীর খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। উল্লেখ্য, এই সিনেমার পরিচালক রুবাইয়াত হোসেন এবং অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল - এই চারজনই বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত। কম্পোজার বা সংগীত পরিচালক বাদে এই সিনেমার নির্মাণ প্রক্রিয়ার প্রতিটি বিভাগের প্রধান ছিলেন নারী।
দীর্ঘ ২০ বছরের ভাবনা ও শৈশবের স্মৃতি থেকে অনুপ্রাণিত হয়ে রুবাইয়াত হোসেন এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে দেশের চলচ্চিত্রের জন্য এক বড় মাইলফলক।
আপনার মতামত লিখুন