সাহিত্যে নোবেল পুরস্কার সাধারণত এমন লেখকের হাতে যায়, যাঁর সাহিত্যকর্ম কেবল নিজস্ব সময়কে ধারণ করে না, বরং সাহিত্যের প্রচলিত সীমানাকেও নতুন করে নির্ধারণ করে। কানাডীয় কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদি সাহিত্যের গবেষক অ্যান কারসনের ক্ষেত্রে এই কথাটি বিশেষভাবে সত্য। ২০২৬ সালের ৮ অক্টোবর সুইডিশ একাডেমি তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করে। প্রাচীন ধ্রুপদি সাহিত্যধারার সঙ্গে ক্রীড়াময় সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যের জন্য নতুন নতুন আঙ্গিক সৃষ্টি করেছে লেখকের সাহসী ও উদ্ভাবনশীল সাহিত্যকর্মসমগ্র— এভাবেই তাঁর সাহিত্যকৃতির স্বীকৃতি দিয়েছে একাডেমি।
কারসনের সাহিত্যকে একক কোনো পরিচয়ে আবদ্ধ করা কঠিন। তিনি একই সঙ্গে কবি, প্রাবন্ধিক, অনুবাদক, ধ্রুপদি গ্রিক সাহিত্যের অধ্যাপক এবং ভাষার ইতিহাস-অনুসন্ধানী এক সৃষ্টিশীল লেখক। তাঁর বইয়ে কবিতা যেমন আছে, তেমনি আছে প্রবন্ধ, গদ্য, অনুবাদ, নাট্যরূপ, চিত্র, স্মৃতিচারণ, ব্যক্তিগত শোক এবং প্রাচীন গ্রিক পুরাণের পুনর্নির্মাণ। এক বইয়ের মলাটে তিনি আবদ্ধ করে ফেলেন সাহিত্যের প্রায় সব আঙ্গিক। ফলে কারসনের সাহিত্য পাঠ করার অর্থ শুধু কবিতা, নিবন্ধ বা উপন্যাস পাঠ করা নয়; বরং ভাষা, ইতিহাস, পুরাণ, প্রেম, বিচ্ছেদ, শরীর, স্মৃতি ও অনুপস্থিতির মধ্যে এক জটিল সম্পর্কের অনুসন্ধান করা। ২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে অ্যান কারসন এখন বিশ্বসাহিত্যের অন্যতম কেন্দ্রীয় নাম। কিন্তু তাঁর সাহিত্যিক গুরুত্ব কেবল নোবেল পাওয়ার কারণে তৈরি হয়নি; বরং তাঁর দীর্ঘ সৃষ্টিশীল জীবন, ধ্রুপদি জ্ঞান ও আধুনিক কাব্যবোধের অসাধারণ সংমিশ্রণই তাঁকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে। তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব সম্ভবত এই যে, তিনি দেখিয়েছেন— প্রাচীন গ্রিসের একটি ভাঙা মূর্তি, একটি অসম্পূর্ণ কবিতা, একটি ব্যর্থ প্রেম, একটি মৃত মানুষের স্মৃতি কিংবা একটি শব্দের পুরোনো অর্থ— সবকিছুর মধ্যেই নতুন সাহিত্য জন্ম নিতে পারে।
অ্যান কারসন জন্মগ্রহণ করেন ২১ জুন ১৯৫০ সালে কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো শহরে। তিনি মার্গারেট ও রবার্ট কারসনের দ্বিতীয় ও শেষ সন্তান। তাঁর শৈশব ও কৈশোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি ছিল প্রাচীন গ্রিক ভাষার সঙ্গে পরিচয়। বিদ্যালয়ে একজন লাতিন শিক্ষকের মাধ্যমে গ্রিক ভাষা ও ধ্রুপদি সাহিত্যের প্রতি আগ্রহ জন্মায় তাঁর। সেই শিক্ষক দুপুরের বিরতিতে তাঁকে প্রাচীন গ্রিক শেখাতেন। পরবর্তী জীবনে এই ছোট্ট শিক্ষানুভূতিই তাঁর সাহিত্যিক সত্তার অন্যতম ভিত্তি হয়ে ওঠে।
গ্রিক পুরাণ কারসনের অন্যতম আগ্রহের জায়গা। তাঁর সাহিত্যজগতের দিকে তাকালে বোঝা যায়, প্রাচীন গ্রিস তাঁর কাছে কোনো মৃত অতীত নয়। গ্রিক পুরাণ, কবিতা ও দর্শন তাঁর কাছে বর্তমানকে বোঝার এক জীবন্ত উপায়। অতীতের কোনো চরিত্র বা পুরাণকাহিনি তিনি কেবল পুনর্কথিত করেন না; বরং সেটিকে আধুনিক মানুষের প্রেম, নিঃসঙ্গতা, শরীর, আকাঙ্ক্ষা ও মানসিক যন্ত্রণার সঙ্গে যুক্ত করেন। এভাবে অতীত আর বর্তমান, স্মৃতি আর অভিজ্ঞতার মধ্যে তিনি বন্ধন রচনা করেন।
কারসন টরন্টো বিশ্ববিদ্যালয়ের সেন্ট মাইকেলস কলেজে পড়াশোনা করেন। তাঁর শিক্ষাজীবন অবশ্য সরলরৈখিক ছিল না। তিনি বিশ্ববিদ্যালয় জীবনে দুবার পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। পরে ফিরে এসে ১৯৭৪ সালে স্নাতক, ১৯৭৫ সালে স্নাতকোত্তর এবং ১৯৮১ সালে ধ্রুপদি সাহিত্যে পিএইচডি সম্পন্ন করেন। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়েও তিনি এক বছর গ্রিক ছন্দবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। তাঁর এই শিক্ষাজীবন পরবর্তী সাহিত্যকর্মকে গভীরভাবে প্রভাবিত করেছে। সাধারণ অর্থে কবি ও গবেষকের জগৎ আলাদা— একজন অনুভূতি ও কল্পনার ভাষায় কথা বলেন, অন্যজন তথ্য, পাঠ ও ব্যাখ্যার জগতে কাজ করেন। কারসন এই দুই জগতের মাঝখানে দাঁড়িয়ে লিখেছেন। তাঁর কাছে অভিধান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি স্মৃতি; প্রাচীন গ্রিক পাণ্ডুলিপি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ব্যক্তিগত প্রেমের ব্যর্থতাও গুরুত্বপূর্ণ। কারসন ১৯৮৮ সালে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ধ্রুপদি সাহিত্যের বিভাগে যোগ দেন এবং ২০০০ সালে জন ম্যাকনটন অধ্যাপক নিযুক্ত হন। ২০০২ সালে ম্যাকগিল ছাড়ার পর তিনি মিশিগান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
কারসনের সাহিত্যিক আত্মপ্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ Eros the Bittersweet (১৯৮৬), প্রাচীন গ্রিক সাহিত্য ও প্রেমের দর্শন নিয়ে রচিত। এখানে তিনি প্রাচীন গ্রিক কবি স্যাফো থেকে শুরু করে প্লেটোসহ বিভিন্ন লেখকের রচনার আলোকে প্রেমের স্বরূপ অনুসন্ধান করেছেন। গ্রন্থটির মূল ভাবনা হলো, প্রেম একই সঙ্গে মধুর ও বেদনাময়— প্রিয়জনকে পাওয়ার আকাঙ্ক্ষা যেমন আনন্দের জন্ম দেয়, তেমনি দূরত্ব, অনুপস্থিতি ও অপূর্ণতা তৈরি করে বেদনা। গ্রন্থটি প্রকাশের সময় তাঁর কবি-সত্তার পাশাপাশি গবেষক-সত্তাটিও স্পষ্ট হয়ে ওঠে। এখানে তিনি প্রাচীন গ্রিক ধারণা ‘এরোস’ অর্থাৎ আকাঙ্ক্ষা, প্রেম ও কামনার ধারণাকে ভাষা, সাহিত্য ও মানুষের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেন। এই বইয়ে তাঁর একটি বিখ্যাত বক্তব্য ”Eros is in between.” অর্থাৎ এরোস বা আকাঙ্ক্ষা ‘মাঝখানে’ অবস্থান করে। এই ‘মাঝখানে’ ধারণাটিই কারসনের সাহিত্য বোঝার একটি চাবিকাঠি। প্রেম ও বিচ্ছেদের মাঝখানে, উপস্থিতি ও অনুপস্থিতির মাঝখানে, কবিতা ও গদ্যের মাঝখানে, প্রাচীন ও আধুনিকের মাঝখানে— কারসনের সাহিত্য যেন সর্বদা একটি অন্তর্বর্তী অঞ্চলে অবস্থান করে।
কারসনের সবচেয়ে আলোচিত গ্রন্থগুলোর একটি Autobiography of Red (১৯৯৮) যা পুরাণের আধুনিক পুনর্জন্ম। এটি একই সঙ্গে কবিতা, উপন্যাস এবং পুরাণের আধুনিক পুনর্লিখন। গ্রন্থটির কেন্দ্রীয় চরিত্র গেরিয়ন গ্রিক পুরাণের এক লাল ডানাওয়ালা দৈত্য। কিন্তু কারসনের হাতে সে আর কেবল দৈত্য নয়; সে আধুনিক সময়ের এক সংবেদনশীল কিশোর, যে প্রেম করে, আহত হয়, বিচ্ছিন্ন হয় এবং নিজের পরিচয় খুঁজে বেড়ায়। গ্রিক পুরাণে হেরাক্লেস গেরিয়নকে হত্যা করে তার লাল গবাদিপশু নিয়ে যায়। কারসনের পুনর্নির্মাণে হেরাক্লেস ও গেরিয়নের সম্পর্ক প্রেমের রূপ নেয়। ফলে একটি প্রাচীন বীরত্বকাহিনি রূপান্তরিত হয় প্রেম, যৌনতা, আত্মপরিচয় ও বিচ্ছেদের আধুনিক কাহিনিতে। এখানেই কারসনের সৃষ্টিশীলতার একটি গুরুত্বপূর্ণ দিক প্রকাশ পায়। তিনি পুরাণকে জাদুঘরে রাখা মৃত বস্তু হিসেবে দেখেন না। তাঁর কাছে পুরাণ এমন এক আয়না, যেখানে বর্তমান মানুষ নিজের ক্ষত দেখতে পারে।
গেরিয়ন নিজেকে যেমন দেখে, তার মধ্যে শিশুসুলভ বিস্ময় যেমন আছে, তেমনি আছে নিজের শরীর ও অস্তিত্ব নিয়ে অস্বস্তি। প্রেম তাকে মুক্তি দেয়, আবার সেই প্রেমই তাকে আহত করে। এই দ্বৈততার মধ্যেই কারসনের কবিতা প্রেমকে রোমান্টিক আবেগের বদলে অস্তিত্বের এক কঠিন পরীক্ষা হিসেবে উপস্থাপন করে।
কারসনের কবিতার অন্যতম প্রধান বিষয় প্রেম। কিন্তু তাঁর প্রেমের কবিতা প্রচলিত অর্থে প্রেমের সৌন্দর্য উদ্যাপন করে না। বরং প্রেমের মধ্যে যে ভাঙন, একাকিত্ব, শরীরী আকাঙ্ক্ষা এবং আত্মপরিচয়ের সংকট লুকিয়ে থাকে, কারসন তার দিকে তাকান। তাঁর The Glass Essay এই দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে ব্যক্তিগত বিচ্ছেদ এবং এমিলি ব্রন্টির সাহিত্য একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে। একজন নারী একটি সম্পর্কের অবসানের পর নিজের মায়ের কাছে ফিরে আসে; সেই ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে এমিলি ব্রন্টির জীবন ও কবিতার পাঠ মিশে যায়। ফলে ব্যক্তিগত শোক আর নিছক ব্যক্তিগত থাকে না, সাহিত্য তাকে বৃহত্তর মানবিক অভিজ্ঞতায় রূপান্তরিত করে।
অ্যান কারসনের একটি বিশেষ কৌশল হলো সরাসরি নিজের অনুভূতি ঘোষণা না করে অন্য একটি সাহিত্যিক চরিত্র, পুরাণ, ইতিহাস বা দার্শনিক ধারণার মধ্য দিয়ে সেই অনুভূতিকে প্রকাশ করা। এ কারণে তাঁর কবিতায় আত্মজৈবনিক উপাদান থাকলেও তা সরল আত্মজীবনী হয়ে ওঠে না। এ প্রসঙ্গে ২০০৪ সালে প্যারিস রিভিউকে দেওয়া সাক্ষাৎকারের একটি প্রশ্ন এবং কারসনের উত্তর তুলে ধরা যায়:
সাক্ষাৎকারগ্রহীতা: আমি আপনার “Stanzas, Sexes, Seductions” কবিতাটি দিয়ে শুরু করতে চাই। কবিতাটির একটি পঙ্ক্তি আমাকে পড়ার মাঝপথেই থমকে দিয়েছিল: “আমার ব্যক্তিগত কবিতা ব্যর্থ।” কথাটি আমাকে দুটি বিষয়ে ভাবিয়েছে: আপনি ‘ব্যক্তিগত কবিতা’ বলতে কী বোঝেন? আর আপনি কি সত্যিই মনে করেন যে আপনার ব্যক্তিগত কবিতা ব্যর্থ, নাকি এখানে কেবল কবিতার কথকই এমন কথা বলছেন?
অ্যান কারসন: আমার মনে হয়, বিভিন্ন কবিতায় ব্যক্তিসত্তার প্রকাশের মাত্রা ভিন্ন ভিন্ন হয়। কোনো কোনো কবিতাকে আমার থেকে বেশ দূরের বলে মনে হয়, আবার কোনো কোনোটি যেন খুব কাছের। আর যেসব কবিতা আমার খুব কাছের, সেগুলো সাধারণত আমি যা বলতে চাই, তা বলতে পারে না। কবিতার কথকের ক্ষেত্রেও কথাটি সত্য; তবে আমি নিজে, আমার নিজের সত্তার ক্ষেত্রেও একই কথা সত্য।
তাঁর কবিতার আরেকটি বৈশিষ্ট্য হলো বুদ্ধি ও অনুভূতির একসঙ্গে উপস্থিতি। সাধারণ প্রচলিত ধারণা হলো, কবিতা আবেগের বিষয় আর গবেষণা বুদ্ধির বিষয়। কারসন এই বিভাজনকে অস্বীকার করেন। তাঁর লেখায় গ্রিক ব্যাকরণ, পুরাণ বা ব্যুৎপত্তির মতো কঠিন বিষয়ও হঠাৎ ব্যক্তিগত বেদনার সঙ্গে যুক্ত হয়ে যায়। এই কারণেই তাঁর কবিতা কখনো দূরত্ব সৃষ্টি করে, আবার কখনো তীব্রভাবে আঘাত করে। পাঠককে তিনি সহজ আবেগপ্রণ করেন না; বরং ভাবতে বাধ্য করেন। তাঁর সাহিত্য পাঠের আনন্দ অনেক সময় তাৎক্ষণিক নয়, পাঠ শেষ হওয়ার পর তার অর্থ ধীরে ধীরে উন্মুক্ত হতে থাকে।
২০০১ সালে প্রকাশিত The Beauty of the Husband কারসনের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। বইটির নামও চমকপ্রদ। এটি কবিতা, প্রবন্ধ, কাহিনি ও ব্যক্তিগত স্মৃতির মধ্যবর্তী এক ভিন্নধর্মী সাহিত্যরূপ। গ্রন্থটি বিবাহ, আকর্ষণ, বিশ্বাসঘাতকতা এবং বিচ্ছেদের অভিজ্ঞতাকে কেন্দ্র করে লিখিত। কারসন সম্পর্কের কাহিনি বলার পাশাপাশি প্রেমের ভাষাকেও প্রশ্ন করেন। ভালোবাসার মানুষকে আমরা কীভাবে ভাষায় ধারণ করি? যে মানুষকে ভালোবাসি, তাকে কি কখনো সম্পূর্ণভাবে জানা সম্ভব? সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর তার স্মৃতি কি সত্যিই শেষ হয়? এই গ্রন্থের জন্য তিনি ২০০১ সালে টি. এস. এলিয়ট পুরস্কার লাভ করেন। এই পুরস্কারের প্রথম নারী বিজয়ী তিনি। একই বছর গ্রিফিন কবিতা পুরস্কারও লাভ করেন কারসন।
কারসনের Nox (২০১০) তাঁর সাহিত্যজীবনের সবচেয়ে ব্যক্তিগত ও শিল্পসম্মত কাজগুলোর একটি। তাঁর ভাই মাইকেলের মৃত্যুকে কেন্দ্র করে লিখিত এই গ্রন্থটি প্রচলিত অর্থে কবিতার বই নয়। ‘নক্স’ একটি মর্মস্পর্শী ও প্রথাবিরোধী শোকগাথা, যেখানে কবিতা, গদ্য এবং দৃশ্যশিল্পের সমন্বয়ে স্মৃতি ও শোকের জটিল স্বরূপ উন্মোচিত হয়েছে। বইটি মূলত কারসনের প্রয়াত ভাইয়ের উদ্দেশে লেখা এক উন্মুক্ত চিঠি। তাঁর ভাই ছিলেন রহস্যে ঘেরা এক মানুষ, যিনি মৃত্যুর আগে বহু বছর ধরে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন ও নিখোঁজ ছিলেন।
পুরোনো আলোকচিত্র, চিঠিপত্র, অভিধানের শব্দার্থ এবং অন্যান্য বিচ্ছিন্ন উপাদানকে যত্নসহকারে পুনর্বিন্যস্ত করার মধ্য দিয়ে কারসন পাঠককে একান্ত ব্যক্তিগত অথচ সর্বজনীন অনুভূতির জগতে নিয়ে যান— যেখানে হারানোর বেদনা ও স্মৃতির আকুলতা পরস্পরের সঙ্গে মিশে যায়। আবেগের অকপট প্রকাশ এবং অভিনব শিল্পরীতির মধ্য দিয়ে ‘নক্স’ সাহিত্যের প্রচলিত শ্রেণিবিভাগ অতিক্রম করেছে। এটি শোকের সঙ্গে মানুষের বোঝাপড়া, সম্পর্কের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং স্মৃতির অনিশ্চিত স্বরূপ নিয়ে এক মর্মস্পর্শী ও চিন্তাউদ্রেককারী ধ্যান।
এই বিষণ্ন সৌন্দর্যে ভরা গ্রন্থের পাঠক জীবন, শিল্প এবং শব্দের মধ্যবর্তী নীরব শূন্যতার এক কাব্যিক মিথস্ক্রিয়ার মুখোমুখি হন। এখানে কবিতা কেবল অনুভূতির প্রকাশ নয়; বরং হারিয়ে যাওয়া একজন মানুষকে স্মৃতি, ভাষা ও শিল্পের বিচ্ছিন্ন খণ্ডাংশের মধ্য দিয়ে পুনরুদ্ধারের এক অসম্ভব অথচ গভীর মানবিক প্রচেষ্টা।
কারসনের সাহিত্য বোঝার জন্য ‘শব্দ’ ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শব্দকে কেবল ভাব প্রকাশের বাহন হিসেবে দেখেন না; শব্দের ইতিহাস, উৎপত্তি, পরিবর্তন এবং অর্থের স্তর তাঁর সৃষ্টির অংশ। সুইডিশ একাডেমিও তাঁর এই বৈশিষ্ট্যটির দিকে বিশেষভাবে দৃষ্টি দিয়েছে। নোবেল ঘোষণার সঙ্গে সম্পর্কিত ব্যাখ্যায় বলা হয়েছে, তাঁর সাহিত্যিক কাজের কেন্দ্রে রয়েছে ভাষাবিদের শব্দ-অনুসন্ধান এবং কবির নতুন অর্থ সৃষ্টির আকাঙ্ক্ষার মিলন। কারসন নিজেও শব্দের ব্যুৎপত্তিকে তাঁর কাজের সূচনাবিন্দু হিসেবে চিহ্নিত করেছেন। এ কারণেই তাঁর লেখা পড়লে কখনো মনে হয় আমরা কবিতা পড়ছি, আবার কখনো মনে হয় কোনো গবেষণাগ্রন্থে মনোনিবেশ করেছি। কিছুক্ষণ পর বোঝা যায়, এই দুই অভিজ্ঞতার সীমারেখাটিই তিনি ইচ্ছাকৃতভাবে ভেঙে দিচ্ছেন।
কারসন প্রাচীন গ্রিক সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনাগুলো আধুনিক ইংরেজিতে অনুবাদ করেছেন। এর মধ্যে রয়েছে সফোক্লিসের ইলেক্ট্রা, স্যাফোর কবিতার খণ্ডাংশ নিয়ে If Not, Winter: Fragments of Sappho এবং গ্রিক ট্র্যাজেডি অহ An Oresteia। তাঁর অনুবাদ নিছক ভাষান্তর নয়। তিনি প্রাচীন পাঠকে আধুনিক পাঠকের কাছে নতুনভাবে উপস্থিত করেন। তাই অনুবাদক কারসন ও কবি কারসনকে আলাদা করা কঠিন। অন্যের কবিতা অনুবাদ করতে গিয়ে তিনি নিজের কবিতার ভাষাকেও সমৃদ্ধ করেছেন। স্যাফোর খণ্ডিত কবিতা বিশেষভাবে তাঁর সাহিত্যবোধের সঙ্গে মানানসই। কারণ কারসনের সাহিত্যেও ‘অসম্পূর্ণতা’ একটি গুরুত্বপূর্ণ নন্দনতত্ত্ব। যা হারিয়ে গেছে, যা পুরোপুরি বলা যায় না অথবা যা কেবল একটি টুকরো হিসেবে পাওয়া যায়— সেই টুকরো থেকেই তিনি অর্থ নির্মাণ করেন।
কারসনের দীর্ঘ সাহিত্যজীবনে বহু গুরুত্বপূর্ণ পুরস্কার এসেছে। ১৯৯৬ সালে তিনি ল্যানান সাহিত্য পুরস্কার লাভ করেন। ১৯৯৭ সালে পান পুশকার্ট পুরস্কার। ১৯৯৮ সালে গুগেনহাইম ফেলোশিপ এবং ২০০০ সালে ম্যাকআর্থার ফেলোশিপ তাঁর আন্তর্জাতিক মর্যাদা আরও প্রতিষ্ঠিত করে। ২০০১ সালে টি. এস. এলিয়ট পুরস্কার এবং গ্রিফিন কবিতা পুরস্কার লাভ করেন কারসন। ২০২০ সালে তিনি স্পেনের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে ভূষিত হন। কানাডা ২০০৫ সালে তাঁকে অর্ডার অব কানাডার সদস্যপদ দেয়।
২০২৬ সালের নোবেল পুরস্কার তাঁর এই দীর্ঘ সাহিত্যযাত্রার সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি। একই সঙ্গে এটি কবিতার প্রচলিত সংজ্ঞারও এক ধরনের স্বীকৃতি। কারসনের সাহিত্য প্রমাণ করে, কবিতা শুধু ছন্দোবদ্ধ পঙ্ক্তির সমষ্টি নয়; কবিতা হতে পারে গবেষণা, অনুবাদ, স্মৃতি, পুরাণ, চিত্র, গদ্য এবং ব্যক্তিগত শোকের এক সৃষ্টিশীল বিন্যাস।
ধ্রুপদি গ্রিস তাঁর কাছে অতীত নয়; বরং বর্তমানকে বোঝার ভাষা। পুরাণ তাঁর কাছে মৃত গল্প নয়; মানুষের আকাঙ্ক্ষা ও ভয় বোঝার এক জীবন্ত কাঠামো। প্রেম তাঁর কাছে শুধু মিলন নয়; বিচ্ছেদও। স্মৃতি শুধু অতীতকে ধরে রাখে না; অনুপস্থিতির বোধও তৈরি করে। আর ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়; ভাষার ভেতরেই মানুষের অজ্ঞতা, আকাঙ্ক্ষা ও অস্তিত্বের রহস্য লুকিয়ে থাকে। অ্যান কারসনের সাহিত্য তাই পাঠককে কোনো সহজ উত্তর দেয় না, বরং প্রশ্নের সামনে দাঁড় করায়। তিনি যেন বলতে চান, মানুষ যে জিনিসটিকে সম্পূর্ণভাবে জানতে চায়, তার অধিকাংশই আসলে ভাষার নাগালের বাইরে। সেই অজানাকে ঘিরেই কবিতা জন্ম নেয়।
অ্যান কারসনের সাহিত্যকে প্রচলিত সাহিত্য-ঘরানা বা আঙ্গিকের সীমানা ভাঙার এক শক্তিশালী উদাহরণ হিসেবে দেখা যায়। তবে একে সরাসরি ‘দ্বৈতাদ্বৈতবাদ’ বলা তাত্ত্বিকভাবে কিছুটা সতর্কতার দাবিও রাখে। আরও নির্ভুলভাবে বলা যায়, তাঁর লেখায় ঘরানা-দ্বৈততা, সীমালঙ্ঘন, সংকরায়ণ এবং পরস্পরনির্ভর দ্বৈততার নন্দনতত্ত্ব কাজ করে। সেই অর্থে ‘শিল্পের দ্বৈতাদ্বৈতবাদ’ একটি ‘ব্যাখ্যামূলক ধারণা’ হিসেবে যথেষ্ট ফলপ্রসূ হতে পারে।
প্রথাগত সাহিত্যতত্ত্বে কবিতা, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ ও নাটকের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। কবিতা প্রধানত পঙ্ক্তি, ছন্দ, চিত্রকল্প ও ঘন ভাষার সঙ্গে যুক্ত; উপন্যাস কাহিনি, চরিত্র ও সময়ের বিস্তার নিয়ে কাজ করে; প্রবন্ধ যুক্তি ও বিশ্লেষণকে গুরুত্ব দেয়; অনুবাদ অন্যের রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায় নিয়ে আসে। কারসন এই সীমানাগুলোকে অস্বীকার করেন না; বরং একটি ঘরানার ভেতরে অন্য ঘরানার কার্যপ্রণালী ঢুকিয়ে দেন। ফলে তাঁর বইকে শুধু কবিতা, শুধু উপন্যাস কিংবা শুধু প্রবন্ধ— কোনোটিই সম্পূর্ণভাবে বলা যায় না। এখানেই ‘দ্বৈতাদ্বৈতবাদ’ ধারণাটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ এখানে দুটি ঘরানা এক হয়ে যায় না, আবার সম্পূর্ণ আলাদাও থাকে না। তারা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখেও পরস্পরের কার্যক্রম গ্রহণ করে। কারসনের Autobiography of Red (১৯৯৮)-এর উপশিরোনামই “A Novel in Verse” অর্থাৎ “পদ্যে লেখা উপন্যাস”। এই একটি নামের মধ্যেই প্রচলিত ঘরানা-বিভাজনের বিরুদ্ধে তাঁর অবস্থান স্পষ্ট। এটি উপন্যাস, কারণ এখানে চরিত্র আছে, কাহিনি আছে, সম্পর্কের বিকাশ আছে, সময়ের অগ্রসরতা আছে এবং একটি ধারাবাহিক জীবনকথা আছে। আবার, এ গ্রন্থে তিনি প্রথাগত গদ্যভাষার প্রথাগত রীতি ভেঙে পদ্য ব্যবহার করেছেন।
কারসনের কৃতিত্ব শুধু দুটি ঘরানা জোড়া লাগানো নয়। তিনি দেখান, কবিতার ঘনত্ব দিয়ে উপন্যাসের কাহিনি বলা যায় এবং উপন্যাসের চরিত্র ও ঘটনাকে কবিতার বহুমাত্রিকতায় প্রকাশ করা যায়। ফলে ‘কবিতা’ ও ‘উপন্যাস’ এখানে একে অপরের বিকল্প নয়; বরং একে অপরের শর্ত হয়ে ওঠে। এটি দ্বৈতাদ্বৈততার একটি খুব পরিষ্কার উদাহরণ। তবে এটিকে “অ্যান কারসনের নিজস্ব দর্শন” না বলে “কারসনের সাহিত্য পাঠের জন্য প্রস্তাবিত একটি নন্দনতাত্ত্বিক কাঠামো” হিসেবে আখ্যা দেওয়া যেতে পারে।
অ্যান কারসনের সাহিত্যকর্ম সমকালীন সাহিত্যের প্রচলিত সংজ্ঞা, আঙ্গিক ও পাঠাভ্যাসকে নতুন করে ভাবতে শেখায়। প্রাচীন গ্রিক সাহিত্য, পুরাণ, প্রেম, শোক, স্মৃতি, আকাঙ্ক্ষা ও মানবসম্পর্কের জটিলতাকে তিনি এমন এক স্বতন্ত্র শিল্পভাষায় রূপ দেন, যেখানে কবিতা ও গদ্য, ব্যক্তিগত অভিজ্ঞতা ও দার্শনিক অনুসন্ধান, প্রাচীন ঐতিহ্য ও আধুনিক চেতনা পরস্পরের সীমা অতিক্রম করে। তিনি দেখিয়েছেন, সাহিত্য কেবল কোনো অভিজ্ঞতার পূর্ণাঙ্গ বিবরণ নয়; কখনো তার ভাঙন, অসম্পূর্ণতা, নীরবতা ও অনুপস্থিতিই হয়ে উঠতে পারে অর্থ সৃষ্টির প্রধান অবলম্বন। তাঁর রচনায় দ্বন্দ্বের মীমাংসার চেয়ে দ্বন্দ্বের সহাবস্থান, চূড়ান্ত অর্থের চেয়ে অর্থের বহুমুখিতা এবং নির্দিষ্ট সংজ্ঞার চেয়ে অনবরত প্রশ্নের গুরুত্ব বেশি। এ কারণেই কারসনের সাহিত্যকে নিছক কবিতা, গদ্য কিংবা উপন্যাসের প্রচলিত শ্রেণিতে আবদ্ধ করা কঠিন। এই নিরন্তর অনুসন্ধানী ও সৃষ্টিশীল মনোভঙ্গিই অ্যান কারসনকে সমকালীন বিশ্বসাহিত্যে স্বতন্ত্র এবং গুরুত্বপূর্ণ এক কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন