যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত ‘অসম’ বাণিজ্য চুক্তি বাতিল ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সিলেটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরের সুরমা মার্কেট পয়েন্ট ও বন্দরবাজার এলাকায় বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
গণসংযোগে নেতৃত্ব দেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি। কর্মসূচিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সহসভাপতি বেলাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা অংশ নেন।
গণসংযোগকালে পথসভায় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ একটি একতরফা ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি। এই চুক্তির ফলে বাংলাদেশ চড়া দামে যুক্তরাষ্ট্র থেকে কৃষি ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করতে বাধ্য হবে। এতে দেশের তৈরি পোশাক খাত, ওষুধ শিল্প ও কৃষি খাত অসম প্রতিযোগিতার মুখে পড়বে এবং বিপুলসংখ্যক মানুষ বেকার হওয়ার আশঙ্কা রয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, সরকার সমন্বয়ের নামে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। এর প্রভাবে নিত্যপণ্যের দাম আরও বাড়বে। নেতৃবৃন্দ অবিলম্বে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং আমেরিকার সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো নিয়ে সংসদে আলোচনার দাবি জানান।
এ ছাড়া চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয় কর্মসূচি থেকে। একই সঙ্গে গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সৈকত আহমদ, অজয় দাশ, রণ আহমদ, হোসেন আহমদ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন