গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালনকালে হোসাইন আলী বাবু নামে এক টেলিভিশন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে চান্দনা চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে জুয়েল (২৮) নামে এক যুবককে আটক করেছে।
আহত হোসাইন আলী বাবু বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘স্টার নিউজ’-এর গাজীপুর জেলা প্রতিনিধি। তিনি শ্রীপুর পৌরসভার মৃত কবির হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে অফিসের কাজ ও লাইভ সম্প্রচার শেষে সাংবাদিক বাবু ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে বসে ল্যাপটপে সংবাদ পাঠাচ্ছিলেন। এ সময় আটক জুয়েল সেখানে ঢুকে তার পরিচয় জানতে চান এবং অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন।
একপর্যায়ে ওই যুবক দাবি করেন, সাংবাদিক বাবু তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে যুবকটি হঠাৎ উত্তেজিত হয়ে সাংবাদিকের ওপর হামলা চালান। এ সময় সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য তাজ উদ্দিন দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনেন এবং সাংবাদিককে উদ্ধার করেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ‘আটক যুবক ও সাংবাদিকের মধ্যে পূর্বপরিচয় ছিল না। আটক যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার বোন জানিয়েছেন, জুয়েল মানসিক ভারসাম্যহীন। তিনি তিন দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন। তবে পুরো বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’
এদিকে প্রকাশ্য দিবালোকে সাংবাদিকের ওপর এই হামলার ঘটনায় গাজীপুরে কর্মরত সাংবাদিকেরা গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। তারা পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন