গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে। শনিবার (৬ জুন) সকালে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-লাবু (১৯), নীরব (২০) ও রহমত উল্লাহ (১৯)। এই ঘটনায় স্বাধীন (২০) নামে আরও একজন পলাতক রয়েছেন। গ্রেপ্তার তিনজনের বাড়ি উপজেলার গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং পলাতক যুবকের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ১২টার দিকে ওই কিশোরী মুঠোফোনে কথা বলার জন্য ঘর থেকে উঠানে বের হয়। এ সময় ওই চার যুবক তাকে অপহরণ করে বিলের ধারের একটি জমিতে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
সাঘাটা থানার ওসি মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় কিশোরীর চাচা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিদের থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন