উত্তরবঙ্গকে ‘কৃষি হাব’ হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির বিকাশে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, এটি তারই অংশ।
শনিবার (৬ জুন) সকালে বাংলাদেশ ব্যাংক বগুড়া কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
গভর্নর বলেন, ‘আমাদের লক্ষ্য এই তহবিলের মাধ্যমে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। এ ছাড়া রপ্তানি বহুমুখীকরণ ও সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এই প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার পরিকল্পনার কথা উল্লেখ করে মোস্তাকুর রহমান জানান, ‘এক দেশ, এক কিউআর’ ধারণা বাস্তবায়নে আগামী ৫ জুলাই থেকে দেশের সব ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে একযোগে ‘বাংলা কিউআর’ কার্যকর হবে।
গভর্নর আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে মুদ্রানীতি প্রণয়নে অংশীজনদের মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বগুড়া অঞ্চলের কৃষি ও ক্ষুদ্র শিল্পের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে আগামী মুদ্রানীতিতে প্রয়োজনীয় প্রতিফলন ঘটানো হবে।
বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও নির্বাহী পরিচালক মাহমুদ সালাহ্উদ্দিন নাসের।
সভায় ব্যবসায়ী প্রতিনিধি, কৃষি ও নারী উদ্যোক্তা, শিক্ষক, ব্যাংকার এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা কৃষি ও এসএমই খাতে সহজ শর্তে ঋণপ্রবাহ বৃদ্ধি, তরুণ উদ্যোক্তাদের জন্য উদ্ভাবনী অর্থায়ন এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন