ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে ১১ জনকে বাংলাদেশে পাঠানোর (পুশইন) চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার মশালগাঁও সীমান্তে এ ঘটনা ঘটে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজিবি জানায়, গতকাল রাতে মশালগাঁও বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৩৪৯/৭-এস এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ করে বিজিবির একটি টহল দল। সেখানে দেখা যায়, বিএসএফের সহায়তায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। এ সময় বিজিবি দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের সীমান্ত অতিক্রমে বাধা দেয়।
আটকে পড়া ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন। তারা বর্তমানে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গের দমদম এলাকায় বসবাসকালে গত ২৬ মে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে। পরে তাদের সীমান্তবর্তী এলাকায় নিয়ে এসে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।
বিজিবি জানায়, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ নিয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে।
দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত। নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
আপনার মতামত লিখুন