ফেনী শহরের অন্যতম প্রধান শহীদ শহীদুল্লা কায়সার সড়কের দুই পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ প্রকল্প অনিশ্চয়তার মুখে পড়েছে। কার্যাদেশ পাওয়ার কয়েক মাস পেরিয়ে গেলেও এবং ঘটা করে উদ্বোধন করার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো কাজ শুরু করেনি। প্রায় ২৮ কোটি টাকার এই গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প থমকে থাকায় জনমনে বাড়ছে অসন্তোষ।
পৌরসভা সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি)–এর অর্থায়নে ২৭ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প গ্রহণ করা হয়। ‘প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি পায়। চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ অক্টোবর কাজ শুরু করার কথা ছিল এবং ২০২৭ সালের ৩০ জানুয়ারির মধ্যে কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়।
প্রকল্পের আওতায় শহীদুল্লা কায়সার সড়কের দুই পাশে ৩ দশমিক ৬৬ কিলোমিটার ফুটপাত ও ড্রেনসহ আশপাশের কয়েকটি সংযোগ সড়কে মোট ৬ কিলোমিটারের বেশি ড্রেন ও ফুটপাত নির্মাণের কথা রয়েছে। এ ছাড়া এই প্রকল্পের অধীনে সড়কে ৩০০টি আধুনিক বাতি (স্ট্রিট লাইট) স্থাপন করারও পরিকল্পনা আছে।
সরেজমিনে দেখা গেছে, চলতি বছরের ২৯ জানুয়ারি তৎকালীন পৌর প্রশাসক ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এই প্রকল্পের ফলক উন্মোচন করলেও কাজের কোনো চিহ্ন নেই। কার্যাদেশ দেওয়ার নির্ধারিত সময় পার হয়ে গেলেও কাজ শুরু না করায় পৌরসভা থেকে ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন বলেন, ‘নিয়ম অনুযায়ী কাজ বুঝিয়ে দেওয়ার পর প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এখন কেন কাজ শুরু হচ্ছে না, তা ঠিকাদারই ভালো বলতে পারবেন। আমরা বিষয়টি প্রকল্প পরিচালককেও (পিডি) জানিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল-এর প্রকল্প প্রকৌশলী শাহাদাত হোসেন বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তবে কাজ শুরু করতে ‘কিছু সমস্যা’ হচ্ছে বলে তিনি দাবি করেন।
ফেনী পৌরসভার বর্তমান প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা বলেন, ‘প্রকল্পটি কেন শুরু হচ্ছে না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো আইনি জটিলতা বা অন্য কোনো বাধার সম্মুখীন হচ্ছে কি না, তা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন