ঢাকার ধামরাইয়ে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে নিজ ঘরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সোয়া ৪টা থেকে সন্ধ্যা সোয়া ৬টার মধ্যে উপজেলার পশ্চিম লাকুরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নাহিদা ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শামীম হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পেশায় রাজমিস্ত্রি শামীম ওই ভবনের অন্য একটি কক্ষে সস্ত্রীক ভাড়া থাকেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নাহিদার মা সৌদিপ্রবাসী এবং বাবা ঝালকাঠির নলছিটিতে থাকেন। ধামরাইয়ের ওই এলাকায় নানি দেলোয়ারা বেগমের সঙ্গে একটি ভবনের নিচতলায় ভাড়া থাকত নাহিদা।
গতকাল দুপুরে পরীক্ষা শেষে দেড়টার দিকে সে বাসায় ফেরে। বিকেল সোয়া ৪টার দিকে নানি দেলোয়ারা দুধ কেনার জন্য বাইরে যান। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি বাসায় ফিরে মেঝেতে নাহিদার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
নানির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে নাহিদাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নানি দেলোয়ারা বেগমের অভিযোগ, নাহিদার কানে থাকা তিন আনা ও গলায় থাকা সাত আনা ওজনের স্বর্ণের চেইন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
খবর পেয়ে থানা পুলিশ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাব ও পিবিআইয়ের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক প্রতিবেশী শামীমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন