সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলার পর এবার জেলা প্রশাসকদের (ডিসি) বার্ষিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ‘মানবপুতুল’ নাচের দল। এই খবরে জেলার সাংস্কৃতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।
ব্যতিক্রমধর্মী এই নৃত্যদলের নেতৃত্ব দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার নৃত্য প্রশিক্ষক মোহাম্মদ আল সাইফূল আমীন জিয়া, যিনি জিয়া আমীন নামেই সমধিক পরিচিত। খেলনা পুতুলের আদলে জীবন্ত মানুষকে সাজিয়ে অভিনব কোরিওগ্রাফির মাধ্যমে তিনি এই নাচকে জনপ্রিয় করে তুলেছেন।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরের সূর্যমুখী কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো এই মানবপুতুল নাচ প্রদর্শিত হয়। এরপর দ্রুতই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে পরিচিতি পায়। শুধু দেশেই নয়, এই দল ইতিমধ্যে জাপানেও তাদের পারফরম্যান্স প্রদর্শন করে প্রশংসা কুড়িয়েছে।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে জিয়া আমীন জানান, ৬৪ জেলার জেলা প্রশাসকদের বার্ষিক সম্মেলন উপলক্ষে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) আয়োজিত অনুষ্ঠানে তাদের দল অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
নৃত্য প্রশিক্ষক জিয়া আমীন বলেন, এই দলের সদস্যরা সবাই সূর্যমুখী কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাইস্কুলের শিক্ষার্থী এবং ‘সুর সম্রাট দি আলাউদ্দীন সংগীতাঙ্গন’-এর নৃত্য বিভাগের প্রশিক্ষণার্থী। বর্তমানে তাদের শেষ মুহূর্তের সাজসজ্জা ও মহড়া চলছে।
ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মনে করছেন, জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে খুদে শিল্পীদের অংশগ্রহণ জেলার সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরবে। স্থানীয়দের প্রত্যাশা, মানবপুতুল নাচের এই দলটি জাতীয় পর্যায়ে সফলতার সঙ্গে পারফর্ম করে নতুন ইতিহাস সৃষ্টি করবে।
আপনার মতামত লিখুন