নরসিংদীর পলাশে ৯ বছর বয়সী শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) সকালে উপজেলার গজারিয়া বাজারের একটি অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে। বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুর নাম রামিম (৯)। সে গজারিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে রামিম গজারিয়া বাজারে তার দাদার দোকানে আসে। একপর্যায়ে সে পাশের একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে একই গ্রামের রিকশাচালক সবুজ মিয়া চাকার হাওয়া দেওয়ার মেশিনের মাধ্যমে ‘দুষ্টামির ছলে’ রামিমের পায়ুপথে হাওয়া ঢুকিয়ে দেন।
এতে শিশুটির পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ অভিযুক্ত সবুজ মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন