বগুড়ার শেরপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যান চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সম্প্রতি একই রাতে দুটি অটোভ্যান চুরি এবং চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে নতুন ভ্যান ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহ-বন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের চালক আব্দুর রশিদকে যাত্রী সেজে দুই নারী ও দুই পুরুষ জামাইল যাওয়ার কথা বলে ভাড়া করেন। পরে তাকে নন্দীগ্রামের ধুন্দার বাজারে নিয়ে গিয়ে পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
অন্যদিকে, বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে সুঘাট ইউনিয়নের চকপাহারি গ্রামে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরেরা শফিকুল ইসলাম ও সজিব হোসেনের বাড়ির সদস্যদের ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়। এরপর উঠানে রাখা দুটি অটোভ্যান নিয়ে চম্পট দেয়। সকালে প্রতিবেশীরা এসে দরজা খুলে দিলে তারা বিষয়টি টের পান। স্থানীয়রা ধারণা করছেন, এটি কোনো পেশাদার ও সংঘবদ্ধ চক্রের কাজ।
এর আগে গত সোমবার রাতে বিশালপুর ইউনিয়নের রানিহাট বাজার এলাকায় অটোভ্যান চালক মিজানুর রহমানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। মিজানুর জানান, রাতে ৪-৫ জনের একটি দল তার গতিরোধ করে মারধর করে। পরে জোর করে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তার নতুন অটোভ্যানটি ছিনিয়ে নেয়।
একের পর এক চুরির ঘটনায় অটোভ্যান চালকদের মধ্যে চরম উদ্বেগ কাজ করছে। অনেক চালক এখন রাতের বেলা যাত্রী বহনে অনীহা প্রকাশ করছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “অটোভ্যান চুরি ও ছিনতাইয়ের বিষয়গুলো আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এই চক্রটিকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই চুরি যাওয়া ভ্যানগুলো উদ্ধার করা সম্ভব হবে।”
আপনার মতামত লিখুন