সাতক্ষীরায় আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা চলবে ২১ মে পর্যন্ত। আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক কাউসার আজিজ এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ১৬টি স্টল থাকবে, যেখান থেকে নাগরিকদের সরাসরি ভূমিসেবা দেওয়া হবে। এ ছাড়া ভূমিসেবা-সংক্রান্ত অভিযোগ গ্রহণ করে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও থাকবে মেলায়।
জেলা প্রশাসক জানান, ভূমিসেবা কেন্দ্রের সংখ্যার দিক থেকে সাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয়। জেলায় বর্তমানে ৪৩টি ভূমিসেবা কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৭টি উপজেলা ভূমি অফিস, ২টি পৌর ভূমি অফিস ও ৫৬টি ইউনিয়ন ভূমি অফিস জনগণের দোরগোঁড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।
মেলার কর্মসূচি অনুযায়ী, দ্বিতীয় দিনে সেমিনার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হবে।
জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান।
আপনার মতামত লিখুন