নরসিংদীর রায়পুরা উপজেলায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামের তৃতীয় লিঙ্গের আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৪ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি রেলগেট এলাকার একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে। আহত চাঁদনীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ইয়াসমিন রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের রবিউল্লাহর সন্তান। আহত চাঁদনী একই এলাকার মিষ্টু মিয়ার সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পিরিজকান্দি রেলগেট এলাকার একটি মুরগির খামারে ইয়াসমিন ও চাঁদনীকে লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ইয়াসমিনকে গলা কেটে হত্যা করা হয় এবং চাঁদনীকে কুপিয়ে জখম করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
আপনার মতামত লিখুন