ঢাকা থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চ ‘ঈগল-৭’ ঝড়ের কবলে পড়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। তবে ঝড়ের সময় জীবন বাঁচাতে লঞ্চ থেকে দ্রুত নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে চাঁদপুর লঞ্চঘাটে এই ঘটনা ঘটে।
আহত যাত্রীদের মধ্যে চারজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিআইডব্লিউটিএ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল-৭ ও মিতালী-৭ লঞ্চ দুটি দুপুরে চাঁদপুর ঘাটে পৌঁছালে হঠাৎ তীব্র ঝড় শুরু হয়। প্রবল বাতাসে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে এবং লঞ্চগুলো প্রচণ্ড দুলতে থাকে। এতে লঞ্চের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করলে হুড়োহুড়িতে কয়েকজন আহত হন।
খবর পেয়ে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার, কোস্টগার্ড কমান্ডার, বিআইডব্লিউটিএ কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও রোভার স্কাউট সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তারা লঞ্চে থাকা সব যাত্রীকে নিরাপদে ঘাটে নামিয়ে আনেন।
বিআইডব্লিউটিএ চাঁদপুরের ট্রাফিক কর্মকর্তা বাবু লাল বৈদ্য বলেন, ঝড়ের কবলে পড়া দুটি লঞ্চের যাত্রীদের দ্রুত ও নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। যাত্রীদের মালামাল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের খোঁজখবর রাখা হচ্ছে।
নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, সোমবার দুপুরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে একাধিক লঞ্চ ঝড়ের মুখে পড়েছিল। তবে বড় কোনো নৌ দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌ পুলিশ ও কোস্টগার্ড সজাগ রয়েছে।
আপনার মতামত লিখুন