বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হয়েছে মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব। তিরোধান উৎসবের মূল কার্যক্রম এক দিন (১৯ জ্যৈষ্ঠ, ৩ জুন) হলেও ভক্তদের জন্য রয়েছে তিন দিনের বিস্তারিত অনুষ্ঠানমালা। এ উপলক্ষে বারদী আশ্রমে সমবেত হয়েছেন দেশ-বিদেশের হাজারো পুণ্যার্থী।
আশ্রম কর্তৃপক্ষ ও ভক্তরা জানান, মানবহিতৈষী এই সাধক দীর্ঘ ২৬ বছর সোনারগাঁয়ের বারদীতে অবস্থান করার পর ১৬০ বছর বয়সে ১৯ জ্যৈষ্ঠ দেহত্যাগ করেন। সেই থেকে প্রতিবছর এই দিনে তার তিরোধান উৎসব পালিত হয়ে আসছে। উৎসবকে কেন্দ্র করে কয়েক দিন আগে থেকেই বাংলাদেশসহ ভারত, নেপাল ও ভুটান থেকে বিপুলসংখ্যক ভক্ত বারদী আশ্রমে সমবেত হয়েছেন।
তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে প্রভাত কীর্তন, গীতাপাঠ, লোকনাথ ব্রহ্মচারীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা, বাল্যভোগ, রাজভোগ বিতরণ, ভক্তিমূলক গান ও সন্ধ্যা আরতি।
সরেজমিনে দেখা যায়, ভক্তরা তাদের মনোস্কামনা পূরণের আশায় আরাধনা করছেন। উৎসব ঘিরে আশ্রম ও এর আশপাশের এলাকায় বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। আশ্রমের বাইরের মাঠে বসেছে সপ্তাহব্যাপী গ্রামীণ লোকজ মেলা।
উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর কুমার দে বলেন, ‘নিরাপত্তার স্বার্থে পুরো আশ্রম এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আশ্রমের নিজস্ব স্বেচ্ছাসেবকেরাও শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন।’
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, উৎসবে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, র্যাব ও ডিবি সদস্যরা মোতায়েন রয়েছেন। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্রম এলাকা পরিদর্শন করেছেন।
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেমন শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও শারদাঞ্জলি ফোরামের পক্ষ থেকে ভক্তদের জন্য বিনামূল্যে খাবার, দুধ ও জরুরি চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
আপনার মতামত লিখুন