চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন চারজন বীর মুক্তিযোদ্ধাসহ দুই শতাধিক নেতাকর্মী। শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি, গণঅধিকার পরিষদ ও আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন থেকে দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক তাদের দলে যোগ দিয়েছেন। বিশেষ করে চারজন বীর মুক্তিযোদ্ধার অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আলাদা তাৎপর্য দিয়েছে। তারা হলেন আবু বকর সিদ্দিক, ওসমান গনি, রমিজ উদ্দিন ও মোহাম্মদ আলী। তাদের মধ্যে একজন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে। তিনি নবাগত নেতাকর্মীদের জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ নিজামউদ্দিন, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারী, মতলব উত্তর উপজেলার আহ্বায়ক আরিফা তুহিন ও সদস্যসচিব ইমাদ। এ সময় দলের সহযোগী সংগঠন ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতি জনগণের আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে।
আপনার মতামত লিখুন