মাদারীপুরের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির তিনটি ঘর ও একটি গাভি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার রমজানপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গবাদিপশু রক্ষা করতে গিয়ে এক পথচারী গুরুতর দগ্ধ হয়েছেন।
ক্ষতিগ্রস্ত ঘরগুলো রমজানপুর এলাকার রেজাউল হাওলাদারের। দগ্ধ পথচারীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে রেজাউল হাওলাদারের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা আসবাবসহ সব মূল্যবান সামগ্রী পুড়ে যায়। আগুনের সময় গোয়ালঘর থেকে গবাদিপশু বের করতে গিয়ে এক পথচারী মারাত্মক দগ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে বরিশালে পাঠান।
কালকিনি ফায়ার সার্ভিসের লিডার মহিউদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এর আগেই তিনটি ঘর ও একটি গাভি পুড়ে যায়। আরও দুটি গবাদিপশু দগ্ধ হয়েছে।’
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আপনার মতামত লিখুন