ভারত থেকে সম্ভাব্য অনুপ্রবেশ বা ‘পুশইন’ ঠেকাতে হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিরাপত্তা জোরদারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে সীমান্তে বিশেষ কার্যক্রম চালানো হচ্ছে।
বিজিবি ৫৫ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার ৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় বর্তমানে ২৪ ঘণ্টা টহল পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গত কয়েক দিন ধরে গভীর রাতে সীমান্তবর্তী এলাকায় সতর্কতামূলক মাইকিং করছেন বিজিবি সদস্যরা। এ ছাড়া উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয়দের সন্দেহজনক ব্যক্তি শনাক্ত করা এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার বিষয়ে সচেতন করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, দেশের বিভিন্ন সীমান্তে পুশইনের খবর পাওয়া গেলেও চুনারুঘাট সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। নিরাপত্তা নিশ্চিতে টহলে থার্মাল ও ইনফ্রারেড ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে নিয়ে সীমান্তে কড়া নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গুইবিল এলাকার বাসিন্দা করিম হোসেন বলেন, ‘রাতে বিজিবির মাইকিংয়ের কারণে আমরা আরও সচেতন হয়েছি। তারা রাত-দিন সীমান্ত পাহারা দিচ্ছেন, এতে আমরা নিরাপদ বোধ করছি।’
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বিওপিতে (বর্ডার আউটপোস্ট) টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
আপনার মতামত লিখুন