কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় ১২ বছরের ছেলের সামনে সানজিদা আক্তার (রেশমি) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাতে নিজ বাসায় হামলার শিকার হন সানজিদা। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ জুন) সকালে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী শফিউল আলমের সঙ্গে সানজিদার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন শফিউলের স্ত্রী ইয়াসমিন। এ নিয়ে বিরোধের জেরে ইয়াসমিনসহ কয়েকজন নারী মঙ্গলবার রাতে সানজিদার বাসায় যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে সানজিদাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এ সময় সানজিদার ১২ বছর বয়সী ছেলে সাব্বিরের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তিন নারীকে ধরে ফেলেন। পরে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়।
নিহতের ছেলে সাব্বির জানায়, রাতে কয়েকজন নারী বাসায় ঢুকে তার মায়ের ওপর হামলা চালায়। ওই সময় বাসায় আরও দুজন পুরুষ ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, স্থানীয়দের সহায়তায় তিন নারীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত ও পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন