চট্টগ্রামের রাউজানে নিখোঁজের এক দিন পর বিল থেকে স্বপন বড়ুয়া (৫৫) নামে এক স্কুল অফিস সহায়কের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের পশ্চিম বড়ুয়া গ্রামের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি বিল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত স্বপন বড়ুয়া ওই গ্রামের মৃত বিমল বড়ুয়ার ছেলে। তিনি স্থানীয় গৌরচন্দ্র যতীন্দ্র উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় দোকান থেকে বাজার করে বাড়িতে ফেরেন স্বপন বড়ুয়া। পরে তার মুঠোফোনে একটি কল এলে তিনি স্ত্রীকে বলেন, কেউ একজন তাকে ডাকছেন। তার সঙ্গে কথা বলতে রাতেই তিনি ঘর থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সকালে এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে খবর দেন। পরে দুপুর দুইটার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় মেয়ে দোলা বড়ুয়া বলেন, তার বাবার সঙ্গে জনৈক এক ব্যক্তির আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা ছিল। দীর্ঘদিন ধরে স্কুলের বেতনও বন্ধ ছিল। ব্যাংক ঋণসংক্রান্ত কোনো ঝামেলার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাসন রক্ষিত ভিক্ষু বলেন, স্বপন বড়ুয়া ২০০০ সালে স্কুলে যোগ দিয়েছিলেন। গতকাল তিনি আজকের দিনের জন্য ছুটি নিয়েছিলেন। আজ মরদেহ উদ্ধারের সময় তার হাতে দুটি বিষের বোতল ছিল এবং মুখে রক্ত দেখা গেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আপনার মতামত লিখুন