কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় একটি লবণবাহী কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
বিকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় একটি প্রাইভেট কার আটক করা হয়। পরে ওই কারে থাকা ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ার বাজার এলাকায় লবণের বস্তাবাহী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। কাভার্ড ভ্যানের ভেতরে বিশেষ কায়দায় তৈরি করা বাক্সে ১৬টি প্যাকেটে রাখা ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ঘটনায় মাদক পাচারে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও পাহারায় থাকা প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন-কাভার্ড ভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেট কারের চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ড ভ্যানচালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেন।
পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, লবণ পরিবহনের আড়ালে অত্যন্ত সুকৌশলে এই মাদক পাচার করা হচ্ছিল। এ ঘটনায় আটক পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। মাদকের মূল হোতাদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন