ঢাকার নবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর একটার দিকে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চর শৈল্যা গ্রামের হারুন অর রশিদ (৪৫) এবং তার একমাত্র ছেলে সাদ চৌধুরী (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নবাবগঞ্জ সদর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন হারুন ও তার ছেলে সাদ। পথে হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
বাবা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে চর শৈল্যা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন