প্রচণ্ড গরম। ঘরে ফ্যান নেই, বাতি নেই, নেই স্বস্তির কোনো উপায়। দিনের পর দিন দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন দেশের বিভিন্ন জেলার মানুষ। শুধু শহর নয়, গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ। অনেক এলাকায় দিনে ১০ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ স্থানীয়দের। সাম্প্রতিক বছরগুলোতে এত দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের দেখা মেলেনি। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিক্ষার্থীরা। পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে তাদের। এদিকে বিদ্যুতের দাম কয়েক দফা বাড়ানো হলেও চলতি মৌসুমে লোডশেডিং কমেনি বলে অভিযোগ ভোক্তাদের। বরং তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।