চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় দ্রুত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। শনিবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্কপের যুগ্ম আহ্বায়ক রবিউল হক শিমুল। এতে নেতারা বলেন, সীতাকুণ্ডের সাম্প্রতিক ওই দুর্ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
নেতারা অভিযোগ করেন, আন্তর্জাতিক মানের ‘গ্রিন সার্টিফিকেট’ধারী একটি জাহাজভাঙা কারখানায় এ ধরনের ভয়াবহ প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দুর্ঘটনার পর আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সম্পূর্ণ ব্যয় মালিকপক্ষকে বহন করতে হবে।
সংবাদ সম্মেলনে স্কপের পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে-দুর্ঘটনার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, শিপইয়ার্ডগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, নিয়মিত সরকারি পরিদর্শন জোরদার এবং জাহাজভাঙা শিল্পে ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা বাস্তবায়ন করা।
শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে স্কপের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন